
শনিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) ডাকটিকিট প্রকাশ করেন তিনি।
এতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ও মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো পিএমওতে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী।
সরকারি ছুটি থাকলেও সকাল ১০টায় অফিসে যান তিনি, সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি এবিএম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।