
আজ ৯ ফেব্রুয়ারি একসঙ্গে তিনটি হলিউড সিনেমার প্রদর্শন শুরু করল দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। একদিনে দর্শকরা উপভোগ করতে পারবেন জম্বি-থ্রিলার, বৈজ্ঞানিক কল্পকাহিনি ও হরর—তিন ভিন্ন ঘরানার ছবি। তালিকায় রয়েছে ‘২৮ ডেজ লেটার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, সাই-ফাই থ্রিলার ‘মার্সি’ এবং হরর ছবি ‘প্রাইমেট’।
নিয়া ডা কস্টা পরিচালিত ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’–এ রেজ ভাইরাস ছড়িয়ে পড়ার ২৮ বছর পরের এক ভেঙে পড়া সমাজের গল্প উঠে এসেছে।এখানে সংক্রমণের চেয়েও ভয়ংকর হয়ে ওঠে মানুষের তৈরি ধর্মীয় কাল্ট ও ক্ষমতার লড়াই। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফ ফিয়েনেস, জ্যাক ও’কনেলসহ একঝাঁক তারকা।
অন্যদিকে, তৈমুর বেকমাম্বেটভ পরিচালিত ‘মার্সি’ এক ভবিষ্যৎ পৃথিবীর গল্প, যেখানে এক ডিটেকটিভকে মাত্র ৯০ মিনিটে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয় একটি এআই বিচার ব্যবস্থার সামনে। ক্রিস প্র্যাট ও রেবেকা ফার্গুসনের অভিনয়ে ছবিটি প্রযুক্তি বনাম মানবতার প্রশ্ন তোলে।
হররপ্রেমীদের জন্য রয়েছে ‘প্রাইমেট’। জোহানেস রবার্টস পরিচালিত এই ছবিতে এক গৃহপালিত শিম্পাঞ্জির ভয়ংকর রূপান্তর ও মানুষের টিকে থাকার লড়াই দেখানো হয়েছে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে।