
টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে এসে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য ঢাকায় তিন দল নিয়ে বিশেষ টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার ম্যাচের এই ‘অদম্য বাংলাদেশ’ টুর্নামেন্টের পর্দা নামছে আজ রাতের ফাইনাল দিয়ে। শিরোপা নির্ধারণী ম্যাচে লিটন দাসের ধূমকেতু একাদশের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দুর্বার একাদশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ফাইনাল। ব্যস্ত কর্মদিবস ও জাতীয় নির্বাচনের আগের সময় হলেও গ্যালারিতে উপচে পড়া দর্শকের প্রত্যাশা করছে বিসিবি। সে লক্ষ্যেই ম্যাচকে ঘিরে রাখা হয়েছে বাড়তি আয়োজন ও দর্শকবান্ধব সুবিধা।
চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা।
দর্শকদের জন্যও রাখা হয়েছে বিশেষ সুবিধা। শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিধান করলে বিনামূল্যে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। আর টিকিট কেটে গ্যালারিতে প্রবেশ করা দর্শকদের জন্য থাকছে লটারির মাধ্যমে মোটরসাইকেল জেতার সুযোগ।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে টুর্নামেন্টের শেষ দুই ম্যাচ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভিতে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পাশাপাশি টি–স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও খেলা দেখা যাবে।